মায়ের সাথে ঈদের পোশাক কিনতে গিয়ে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:৩৩

সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের একটি দেয়াল ধসে ফাহাদ হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন (১৭) পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেন বকুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জন্য ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে যান। এ সময় তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধসের ঘটনায় এক ছাত্র নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top