অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে মাঠে প্রশাসনের অভিযান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৮:৩১

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে ভোক্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতের অভিযোগ ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুত করে রাখা, খোলা বাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতার অভিযোগও পাওয়া যাচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছে। পাশাপাশি অবৈধ মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি ও সম্ভাব্য পাচার রোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে কঠোর তদারকি করার অনুরোধ জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

জানা গেছে, এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top