মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহতের বাবা মো. নুর আলম ও পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান। পরিবারের দাবি, হেলালকে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নুর আলম জানান, গত ১১ এপ্রিল শারজাহতে নিজ কর্মস্থলে তার ছেলেকে হত্যা করে টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। সহকর্মীদের মাধ্যমে তিনি প্রথমে ছেলের মৃত্যুর খবর পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল কাজের উদ্দেশ্যে আমিরাতে যান। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কন্ট্রাকটিং’ নামে একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। তার ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে কিছুদিন আগে সমস্যার কারণে দেশে ফিরে আসেন।

একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটিকে হত্যা দাবি করে সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্বজনরা। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, এ ধরনের কোনো তথ্য এখনও তাদের কাছে পৌঁছায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top