চাচার হামলায় হাত ভাঙা বিথী, প্রশাসনের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:০১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বিথী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী। চাচাতো চাচার হামলায় হাতুড়ির আঘাতে তার ডান হাত গুরুতর জখম ও ভেঙে যায়, ফলে শুরুতে পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি।
বিথী তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মো. বাদল হাওলাদারের মেয়ে।
ঘটনাটি জানাজানি হলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার দ্রুত উদ্যোগ নেন। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহিদুল ইসলামের কাছে বিশেষ অনুমতির জন্য আবেদন করেন।
এর প্রেক্ষিতে বিথীর জন্য একজন শ্রুতিলেখক নিয়োগের অনুমতি দেওয়া হয়। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারকে এ দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের সহায়তায় অংশ নেন বিথী। শারীরিক অসুস্থতা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারায় তিনি ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইউএনও আকলিমা আক্তার জানান, বিথীর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।