দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এর শুটিং শুরু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৪
প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেব নিজের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-এর শুটিং শুরু করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে আনন্দের খবর নিজেই জানান অভিনেতা।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিনেমাটির শুভ মহরত সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক বিনয় মুদ্গল, অতনু রায়চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, নিলয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, পার্থসারথি চক্রবর্তীসহ অন্যান্য কলাকুশলীরা। বিশেষ মুহূর্তে দীপকের পাশে ছিলেন সিনেমার পুরো টিম। অভিনেতা সামাজিক মাধ্যমে পোস্টে লিখেছেন, “নতুন যাত্রা—নতুন শুরু।”
রোববার আবার পোস্টে তিনি নিশ্চিত করেছেন, “#BAD কাজ শুরু, বাইক অ্যাম্বুলেন্স দাদা।” অর্থাৎ আজ থেকে অফিসিয়ালি শুটিং শুরু হয়েছে।
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার গল্প তৈরি হয়েছে জলপাইগুড়ির রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হকের জীবন থেকে। করিমুল ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে দূরের গ্রামে বসবাসরত রোগীদের চিকিৎসার জন্য তিনি নিজের বাইককেই অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার করেন এবং মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেন। দীর্ঘ বছর ধরে এই সমাজসেবার জন্য ২০১৭ সালে তিনি পান পদ্মশ্রী সম্মান।
প্রথমে এই বায়োপিকের স্বত্ব ছিল বলিউডের পরিচালক বিনয় মুদ্গলের হাতে, তবে পরে তা কিনে নিয়েছেন দেব নিজেই এবং প্রধান চরিত্রেও অভিনয় করবেন। সিনেমাটি চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা।
দেব তার জন্মদিনের সময় আগেই জানিয়েছিলেন, তার ৫০তম সিনেমা হবে বিশেষ এবং সেই হিসেবে করিমুল হকের জীবনভিত্তিক গল্পকে বেছে নেওয়া হয়েছে। শুভ মহরতের দিনে অভিনেতা পরেছিলেন সাদা কারুকার্য করা পাঞ্জাবি এবং সাদা পায়জামা, যা অনুষ্ঠানের বিশেষ মুহূর্তকে আরও উজ্জ্বল করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।