বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্র সরবরাহকারী ববি কবুতর গ্রেপ্তার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৩

সংগৃহীত

বলিউড তারকাদের বাসভবনে গ্যাংস্টার হামলার ঘটনা যেন ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সালমান খান ও রোহিত শেঠি-এর পর এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী দিশা পাটানি।

গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে দিশার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় বড় অগ্রগতি হয়েছে। দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ সদস্য মেহফুজ ওরফে ববি কবুতরকে। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো হামলার পরিকল্পনা করা হয়েছিল। যদিও ববি নিজে গুলি চালাননি, তবে হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিশার বাড়িতে হামলার পাশাপাশি আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য মিলেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়।

এর আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এ সালমান খানের বাসভবনে হামলার ঘটনার পর দিশার বাড়িতে গুলিবর্ষণ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

এই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top