রমজানে কাজ কমিয়ে পরিবার ও ইবাদতে মনোযোগ নুসরাত ফারিয়ার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৬
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া জানিয়েছেন, পবিত্র রমজান মাস এলেই তার দৈনন্দিন ব্যস্ততায় পরিবর্তন আসে। সারা বছর শুটিং ও শোবিজের নানা কাজে ব্যস্ত থাকলেও এ সময় তিনি কাজের চাপ কিছুটা কমিয়ে পরিবার ও আত্মশুদ্ধির দিকে বেশি মনোযোগ দেন।
রমজান মাস তার কাছে শুধু সংযমের সময় নয়, বরং শৈশব ও কৈশোরের আবেগঘন স্মৃতিরও এক বিশেষ অধ্যায়। তারকা খ্যাতি পাওয়ার পরও সেই পুরোনো দিনের স্মৃতি তাকে নস্টালজিক করে তোলে।
রমজান কীভাবে কাটান—এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, রোজার মাস তার কাছে সবসময়ই ভিন্ন অনুভূতির। এ সময় তিনি পরিবারকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা ও সেহরির মুহূর্তগুলো তাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটা সম্ভব পরিবারকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।
পবিত্র এই মাসে আত্মিক প্রশান্তির পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
এদিকে কাজের ক্ষেত্রেও নতুন খবর রয়েছে। নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক পর্যায়ের কথাবার্তা ও পরিকল্পনা এগোলেও এখনই নির্দিষ্ট কোনো ঘোষণা দিতে রাজি নন তিনি। কোন কাজ চূড়ান্ত হবে কিংবা সবগুলোতেই যুক্ত থাকবেন কি না—তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।
সব মিলিয়ে ব্যস্ত ক্যারিয়ারের ইঁদুরদৌড় থেকে কিছুটা বিরতি নিয়ে রমজানে পরিবার, ইবাদত ও আত্মিক শান্তির মধ্যেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন নুসরাত ফারিয়া।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।