চলচ্চিত্রে স্বচ্ছতা, প্রেক্ষাগৃহ আধুনিকীকরণ ও পরিবারবান্ধব সংস্কারের আহ্বান শাকিব খানের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৬
নতুন সরকার গঠনের পর দেশের অন্যান্য খাতের মতো সংস্কৃতি অঙ্গনেও বইছে সংস্কার ও নতুন প্রত্যাশার হাওয়া। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সংকট উত্তরণের জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেছেন।
শাকিব খানের মতে, চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রথমেই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করা। তিনি গণমাধ্যমে বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। বিচারপ্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি—বারবার সামনে আসে এসব প্রশ্ন। পরিষ্কারভাবে বলতে চাই, বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক।”
অনুদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি দূর করতে তিনি স্বচ্ছ কমিটি গঠন, অনলাইন স্কোরিং পদ্ধতি ও পাবলিক রিপোর্ট প্রকাশের প্রস্তাব দিয়েছেন। মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের ওপরও জোর দিয়েছেন শাকিব।
দেশের প্রেক্ষাগৃহ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মানুষ পরিবার নিয়ে আবার ছবি দেখছে, তাদের শুধু সুন্দর পরিবেশ দিতে হবে।” ঝরাজীর্ণ হল সংস্কারে তিনি স্বল্প সুদে ঋণ, করছাড় এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। এছাড়া যেখানে সিনেমা হল নেই, সেখানে কম আসনসংখ্যার ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ নির্মাণের প্রস্তাব দিয়েছেন, যা স্থানীয় উদ্যোক্তাদেরও যুক্ত হতে সাহায্য করবে।
প্রেক্ষাগৃহ আধুনিকীকরণে বিনিয়োগ বাড়াতে সরকারকে নতুন হল নির্মাণে ভ্যাট-ট্যাক্স ছাড়, জমি লিজে সুবিধা এবং আমদানি করা প্রজেকশন ও সাউন্ড যন্ত্রপাতিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আধুনিক ডিজিটাল প্রজেকশন, ডলবি সাউন্ড ও অনলাইন টিকেটিং ব্যবস্থাকে বাধ্যতামূলক বা উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন, যা দর্শকের সিনেমা দেখার অভিজ্ঞতা উন্নত করবে।
দর্শক ফেরাতে দেশীয় চলচ্চিত্রের নির্দিষ্ট প্রদর্শন কোটা, উৎসবভিত্তিক বিশেষ প্রদর্শনী এবং পরিবারবান্ধব কনটেন্টে সহায়তার কথাও উল্লেখ করেছেন শাকিব। তিনি বলেন, “প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, বরং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।