সেলিম খানের খোঁজ নিতে লীলাবতী হাসপাতালে শাহরুখ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩২
বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান—সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও পারস্পরিক সৌজন্যে কখনো ঘাটতি দেখা যায়নি। তারই প্রমাণ মিলল আবারও। বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান–এর শারীরিক অবস্থার খোঁজ নিতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল–এ ছুটে যান শাহরুখ খান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালে গিয়ে খান পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও আলভিরা খানসহ পরিবারের অন্য সদস্যরা। জানা গেছে, সবার সঙ্গেই সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলেন শাহরুখ।
গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সেলিম খান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভেন্টিলেটরে রাখা হয়, পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। প্রথমদিকে অস্ত্রোপচারের সম্ভাবনার কথা শোনা গেলেও বুধবার চিকিৎসকেরা জানান, সামান্য ব্রেন হেমারেজ হওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও স্থিতিশীল রয়েছেন।
এদিকে, হাসপাতাল থেকে সেলিম খানের শারীরিক অবস্থার তথ্য বাইরে ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান খান।
উল্লেখ্য, একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খান স্বীকার করেছেন, বলিউডে নিজের অবস্থান গড়ে তোলার পেছনে সেলিম খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর সেলিম খানের বাসায় আশ্রয় পেয়েছিলেন তিনি। ক্যারিয়ার শুরুর কঠিন সময়ে সেলিম খান ও তার পরিবারের সহযোগিতার কথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শাহরুখ। তার ভাষায়, “আজ আমি যা, তার পেছনে সেলিম খান ও তার পরিবারের অবদান অনস্বীকার্য।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।