শারীরিক সমস্যার মাঝেও দিনে ২০ ঘণ্টা কাজ করেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৪
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কঠোর কর্মব্যস্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও শাহরুখ অবিশ্বাস্য পরিশ্রম করে চলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব বলেন, শাহরুখ খানের শরীরে নানা ধরনের জটিলতা রয়েছে, যার মধ্যে শিরদাঁড়ার সমস্যা বেশ পুরনো। এত শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি দিনে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন—যা সত্যিই বিস্ময়কর। তার মতে, শাহরুখ সাধারণত মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমান। অল্প বিশ্রাম নিয়েও তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সংলাপ মুখস্থ করেন এবং শারীরিক কষ্ট উপেক্ষা করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, সেই সময় থেকেই শাহরুখের অসাধারণ কর্মক্ষমতা তাকে মুগ্ধ করেছে। তার মতে, দিন-রাত এক করে কাজ করার মতো সক্ষমতা খুব কম মানুষেরই থাকে, আর শাহরুখ সে দিক থেকে ব্যতিক্রম। নিজের শরীরের সীমাবদ্ধতার কথা খুব একটা ভাবেন না তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেও তার অনিয়মিত জীবনযাপনের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, সাধারণত ভোর পাঁচটার দিকে ঘুমাতে যান তিনি। শুটিং থাকলে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমিয়েই সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে পৌঁছে যান। কাজ শেষে বাসায় ফিরে গোসল করে আবার শরীরচর্চায় সময় দেন এই তারকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।