লাগেজে মদের বোতল ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে তিনি ঘটনাটি অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, নানা বিষয়ে ইচ্ছে করে তার মানহানি করা হচ্ছে।
মেহজাবীন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে লিখেছেন, “সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, তাকে কখনো বিমানবন্দরে আটকানো হয়নি এবং তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ হয়নি। তার লাগেজে অবৈধ কিছু পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মেহজাবীন দাবি করেন, যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। কোনো বিমানবন্দর কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এর কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেউ দেখাতে পারবে কিনা, তা প্রশ্ন করেছেন তিনি।
মেহজাবীন আরও বলেন, “মানহানি যেন এখন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রমাণ ছাড়াই ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে আমার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় মেহজাবীনকে আটক করা হয়েছিল। ওই সময় তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে বলে দাবি করা হয়। তার সঙ্গে তখন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।