বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ার আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২২

সংগৃহীত

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছিলেন মায়ঙ্ক। হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফিটনেস অঙ্গন ও রিয়েলিটি শোর অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহপ্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের শোকবার্তায় ভরে গেছে টাইমলাইন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, “একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

তাঁর স্মরণে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিটনেস জগতে মায়ঙ্ক ছিলেন সুপরিচিত নাম। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব তাঁর ঝুলিতে। তবে বৃহত্তর দর্শকের কাছে তিনি পরিচিতি পান জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’–এর সপ্তম আসরে অংশ নেওয়ার মাধ্যমে। শোতে তাঁর শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে।

সেই সিজনে বাদ পড়ার মুহূর্তটি ছিল অন্যতম আবেগঘন দৃশ্য। উপস্থাপক সানি লিওন ও নিখিল চিনাপা তাঁকে জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন।

মাত্র ৩৭ বছর বয়সে এমন আকস্মিক প্রয়াণ ফিটনেস অঙ্গন ও বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top