স্ত্রীর চিকিৎসা ব্যয়ে মেটাতে গাড়ি বিক্রি করলেন স্বামী প্রাণ রায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৪
স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তাঁর চিকিৎসা ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন স্বামী, অভিনেতা প্রাণ রায়।
প্রাণ রায়ের ভাষ্য, বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে। তিনি জানান, স্ট্রোকের কারণে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
তবে নিয়মিত তিনটি থেরাপি চলার ফলে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি নিজ হাতে খেতে পারছেন এবং সহায়তায় বসতেও পারছেন বলে জানান প্রাণ রায়।
গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়লে কাকলীকে হাসপাতালে নেওয়া হয়। সে সময় চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ চিকিৎসাধীন আছেন।
নিজের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরও বেড়েছে বলে জানান প্রাণ রায়। চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন তিনি। তবে প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন।
এদিকে অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।