উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩০
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ‘লেক সিটি’খ্যাত উদয়পুর-এ বসবে তাদের বিয়ের আসর।
জানা গেছে, শহর থেকে প্রায় ২৫–৩০ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল আইটিসি মেমেন্টোস উদয়পুর রিসোর্টে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আয়োজন। অনুষ্ঠানে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জন অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, বিস্তৃত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। জানা যায়, বিয়েকে ঘিরে রিসোর্টটিতে বিজয় ও রাশমিকারের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে। ‘আরাবল্লী স্যুট’—প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের, যেখান থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য; রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি। অন্যদিকে ‘মেমেন্টোস স্যুট’—প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।
বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বেড়েছে বলে জানা গেছে।
ইতোমধ্যে ভেন্যুতে শুরু হয়েছে নানা আয়োজন। জমকালো পুল পার্টি ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও সংগীতের পর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, প্রাসাদ, হ্রদ ও পাহাড়ে ঘেরা উদয়পুর একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। রূপকথার মতো সেই আবহেই সাজছে এই তারকাজুটির বিয়ের মঞ্চ।
সূত্র: ইন্ডিয়া টুডে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।