বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শাকিব খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেলেন মিম মানতাশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

মাঝে কিছুটা বিরতি নিলেও বিরতি কাটিয়ে আবারও শোবিজে সরব হয়েছেন লাক্স তারকা মিম মানতাশা। ফটোশুট ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও নাটকে তার উপস্থিতি এখন তুলনামূলক কম। তবে নতুন খবর হলো, ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর বিপরীতে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছেন মানতাশা। এর মধ্যেই একটি বড় বাজেটের ছবিতে শাকিব খানের নায়িকা হওয়ার প্রাথমিক প্রস্তাব এসেছে তার কাছে। এ প্রসঙ্গে মানতাশা বলেন, “প্রাথমিকভাবে কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।” তবে কোন সিনেমা বা পরিচালক—সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

নাটক কিংবা বিজ্ঞাপন—সব মাধ্যমেই মানতাশা বরাবরই বেছে কাজ করতে পছন্দ করেন। অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, কাজ তার কাছে আত্মতৃপ্তির জায়গা। মনের মতো চিত্রনাট্য না হলে তিনি কাজ করেন না। মানতাশার ভাষ্যমতে, “শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম। এখন মনে হচ্ছে আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত।”

ইতোমধ্যে আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। যার কিছু প্রচার হচ্ছে, বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনয়ের সংখ্যা বাড়াতে এখন নিয়মিত চিত্রনাট্য পড়ছেন এই অভিনেত্রী।

২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শোবিজ অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেন মিম মানতাশা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ এই অভিনেত্রী সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top