বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

২০২৫ সালের নভেম্বরে মা হওয়ার পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রেখেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নবজাতককে সময় দিতে কোনো নতুন ছবির চুক্তিতেও সই করেননি তিনি। অবশেষে মা হওয়ার সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল এই তারকাকে। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা।

সম্প্রতি মুম্বাইয়ে গাড়িতে থাকা অবস্থায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। মুখে মাস্ক থাকলেও ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হেসে হাত নাড়েন তিনি। দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে একঝলক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, “এতদিন পর ক্যাটকে দেখে মুগ্ধ”, আবার কেউ প্রশ্ন তুলেছেন, “ক্যাটরিনা কবে পর্দায় ফিরবেন? আমরা অপেক্ষায় আছি।”

২০২১ সালে রাজকীয় আয়োজনে ভিকি কৌশল-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। গত বছরের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর জানানোর পর ৭ নভেম্বর তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলের জন্মের পর ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।” বর্তমানে সন্তানকে সময় দিতেই তিনি কোনো নতুন প্রজেক্ট নিচ্ছেন না বলে জানা গেছে।

ভিকি-ক্যাটরিনার প্রেমের গল্পে বড় ভূমিকা ছিল নির্মাতা করণ জোহর-এর। একটি চ্যাট শো-তে ক্যাটরিনা যখন ভিকির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। পর্দার রসায়ন বাস্তবে রূপ পেলেও মা হওয়ার পর কবে নাগাদ ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর জগতে ফিরবেন ক্যাটরিনা, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top