গাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেপ্তার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯
গাড়ির ভেতর থেকে গলিত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক ডেভিড বার্ককে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
পুলিশ জানায়, ২১ বছর বয়সী এই গায়কের নিবন্ধিত টেসলা গাড়ির ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে জামিন ছাড়া হেফাজতে রাখা হয়েছে।
নিহত কিশোরীর নাম সেলেস্টে রিভাস হার্নান্দেজ। বয়স ১৪ বছর। ২০২৪ সালে তাকে নিখোঁজ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
তদন্ত সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর হলিউডের একটি ইমপাউন্ড লটে গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে গাড়ির সামনের ট্রাঙ্ক থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং দুই দিন ধরে সেখানে রাখা ছিল।
পুলিশ আরও জানিয়েছে, মরদেহটি কয়েক সপ্তাহ পুরোনো হতে পারে এবং এটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এটি এখনো প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
মামলাটি শিগগিরই লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে পাঠানো হবে।
অন্যদিকে গায়কের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে তার নির্দোষ দাবি করেছেন। তারা জানান, ঘটনার সময় ডেভিড বার্ক বিশ্ব সফরে ছিলেন। এরপর তার একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় কনসার্ট বাতিল করা হয়েছে এবং নতুন অ্যালবামের প্রচারণাও স্থগিত রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।