বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

গরমের পর স্বস্তির বৃষ্টি, ঢাকায় আজ বজ্রসহ বর্ষণের পূর্বাভাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯

সংগৃহীত

টানা কয়েক দিনের গুমোট গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভ্যাপসা গরম কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে এর গতিবেগ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। উল্লেখ্য, গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, ফলে শহরজুড়ে তীব্র অস্বস্তি বিরাজ করছিল।

শুধু ঢাকা নয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বৃষ্টির প্রভাবে অনেকটাই প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top