মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়।

পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top