নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৭:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জানিয়েছেন, সংসদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিরতির পর শুরু হওয়া সংসদ অধিবেশনে তিনি নিজেই এ কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। এই সংসদ গণতন্ত্রের প্রতীক। এরই মধ্যে আমি নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।”
তিনি সংসদের সকল সদস্যকে সংসদ পরিচালনায় সহযোগিতা করার আহ্বানও জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির আহ্বানে সকাল ১১টার দিকে সংসদের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে সভাপতিত্বের জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদীয় নেতা তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও ওই প্রস্তাবে সমর্থন জানান।
পরবর্তীতে ড. খন্দকার মোশারররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। কণ্ঠভোটে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন মেজর হাফিজ উদ্দিন আহমদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।