স্বাধীনতা পুরস্কার-২০২৬ নিজ হাতে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৭
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীত অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণায় মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
সরকারি সূত্র জানায়, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রতি বছর সম্মাননাপত্র, ৫০ গ্রাম স্বর্ণপদক (১৮ ক্যারেট), পদকের রেপ্লিকা এবং ৫ লাখ টাকা প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে সরকার প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার প্রদান করে আসছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।