সংসদ বয়কট করে রাষ্ট্রকে অকার্যকর করার পথে জামায়াত ও এনসিপি: রাশেদ খান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৭:২৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মো. রাশেদ খান বলেছেন, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মাধ্যমে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকর করার পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। তিনি মনে করেন, তাদের এই হঠকারিতার কারণে দেশে আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার হাতেই শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এমনকি জামায়াত ও এনসিপির চাপে অন্তর্বর্তীকালীন সরকার তাকে দিয়ে বেশ কয়েকটি অধ্যাদেশও জারি করিয়েছে বলেও দাবি করেন তিনি।
রাষ্ট্রপতির বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরাই সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার মাধ্যমে বর্তমান রাষ্ট্রপতির বৈধতা দিয়েছেন।
রাশেদ খান উল্লেখ করেন, ২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতেই শপথ নিয়েছিলেন নাহিদ ইসলামরা। তাদের সেই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ার চাপ থাকতেই পারে, তবে তা পরিমিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মাধ্যমে জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্র ও সংসদকে অকার্যকর করার পথে এগোচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তারা শক্ত অবস্থানের কথা বললেও ভোটের সময় তুলনামূলক নরম অবস্থানে ছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের মতে, এই ধরনের হঠকারী সিদ্ধান্তের কারণেই ভবিষ্যতে আবারও দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।