হাতিরঝিল থানা ঘেরাও ও সড়ক অবরোধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫৪
রাজধানীর হাতিরঝিল এলাকায় এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা থানায় ঘেরাও ও বিক্ষোভ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি তোলেন।
নিহত শিশুটির নাম তাহেদী আক্তার (৬)। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে একই এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, শিশুটিকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।
এ বিষয়ে হাতিরঝিল থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।