রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় হত্যায় ব্যবহৃত ছুরি এবং রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের হাজার হোটেলের গলিতে সিয়াম স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিন্তি প্রথমে এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি বদলে যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ছুরি হাতে থাকা তরুণটি তা মুছে দিচ্ছে, আর একই সঙ্গে শোনা যাচ্ছে কিশোরীর আর্তচিৎকার।
নিহত বিন্তি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিল্লাল হোসেন। পরিবারসহ তারা হাজারীবাগে হায়দার আলী হোটেলের পাশের একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকতেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।