রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

সামান্য কথা কাটাকাটিতে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো, গ্রেফতার ঘাতক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৪:২৩

ছবি: সংগৃহীত

রাজধানীতে ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শাহীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামান্য কথা কাটাকাটি ও অনৈতিক প্রস্তাবকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার দুপুরে রাজধানীর গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গত ২৭ তারিখ রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পর মরদেহ সাত টুকরো করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও নিহতের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ওবায়দুল্লাহ ও আসামি শাহীন জসিমউদ্দীন সড়কের একটি মেস বাসায় একসঙ্গে বসবাস করতেন। শাহীন একটি হোটেলের কর্মচারী এবং ওবায়দুল্লাহ একটি হোমিও দোকানে কাজ করতেন।

ঘটনার দিন রাতে কক্ষে জোরে কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে শাহীন চাপাতি দিয়ে ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করে।

পরে ধরা পড়ার ভয়ে মরদেহ গুম করার উদ্দেশ্যে সাত টুকরো করে পলিথিনে ভরে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয়। পরে শাহীনকে তার কর্মস্থল হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top