মোহাম্মদপুরে ফিলিং স্টেশনে পিস্তল বের করে পাম্প কর্মীকে হুমকির অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৩:২১
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল না পেয়ে পিস্তল বের করে পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৈয়দ মাহমুদুল ইলা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে ‘সোনার বাংলা ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, দীর্ঘ লাইনের মধ্যেও মাহমুদুল ইলা নিয়ম ভেঙে আগে তেল নিতে আসেন। গাড়িতে তার স্ত্রী অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। তবে তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করলে পাম্প কর্মীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে কর্মীদের হুমকি দেন এবং পরে সেখান থেকে চলে যান।
ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেল নেওয়ার পর পাম্প কর্মচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মাহমুদুল ইলা। একপর্যায়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে কর্মচারীর দিকে তেড়ে যান। এ সময় সেখানে উপস্থিত লোকজন জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পাম্প সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্ত্রী অসুস্থ বলে জানান। পরে ম্যানেজারের অনুমতি নিয়ে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সৈয়দ মাহমুদুল ইলা বলেন, সকালে তার স্ত্রীর চোখের অপারেশন হয়েছিল। তিনি প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে সেখানে থাকা এক সার্জেন্টকে বিষয়টি জানালে তিনি সিরিয়াল ভেঙে আগে যাওয়ার সুযোগ দেন। তবে পাম্প থেকে মাত্র ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়ায় তিনি ২ হাজার টাকার তেল চান। এ সময় পাম্প কর্মীরা তাকে ধাক্কা দিয়ে গালিগালাজ করলে তিনি নিজের বৈধ পিস্তল বের করে ভয় দেখান বলে দাবি করেন।
তবে সিসিটিভি ফুটেজে ধাক্কাধাক্কির কোনো দৃশ্য দেখা যায়নি— এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ফুটেজটি কেটে ছোট করা হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অস্ত্রের লাইসেন্স দেখার পর তাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তার অস্ত্রটি থানায় জমা রাখা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।