আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পর বাংলাদেশে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেন তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এই শপথগ্রহণের খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
বিশ্বখ্যাত বার্তা সংস্থা Reuters শিরোনাম করেছে ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।
প্রতিবেদনে রয়টার্স ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা Associated Press (এপি) শিরোনামে লিখেছে, নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’।
এপি আরও উল্লেখ করে, পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন।
জার্মান আন্তর্জাতিক সংবাদমাধ্যম Deutsche Welle তাদের শিরোনামে জানায় ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। ডয়েচে ভেলে বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম Al Jazeera শিরোনাম করেছে ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক Dawn লিখেছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’।
তাদের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তরাধিকারীর পরিচয়ে থাকলেও এবার সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তারেক রহমান।
ভারতের প্রভাবশালী দৈনিক The Hindu শিরোনাম করেছে ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।
এছাড়া ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ক NDTV শিরোনামে লিখেছে ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।
প্রতিবেদনটিতে এটিকে ‘বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।