সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

থাইল্যান্ডে

ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ বাঘের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং মাই প্রদেশের একটি বেসরকারি প্রাণী পার্কে ভয়াবহ ভাইরাস ও ব্যাকটেরিয়ার দ্বিমুখী সংক্রমণে অন্তত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

চিয়াং মাই প্রদেশের প্রাণিসম্পদ দপ্তর এক বিবৃতিতে জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় মৃত বাঘগুলোর শরীরে অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস এবং শ্বাসতন্ত্রে আঘাত হানা এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এই জোড়া সংক্রমণের কারণেই বাঘগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের জাতীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক সোমচুয়ান রতনমুংলানন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান,

“বন্য বাঘ অসুস্থ হলে তা শনাক্ত করা গৃহপালিত কুকুর বা বিড়ালের তুলনায় অনেক বেশি কঠিন। বাঘগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, তখন প্রাথমিকভাবে বোঝার উপায় ছিল না। বিষয়টি বুঝতে পারার আগেই অনেক দেরি হয়ে যায়।”

তিনি আরও বলেন, যথাসময়ে চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাঘগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চিয়াং মাইয়ের জনপ্রিয় পর্যটন পার্ক টাইগার কিংডম-এ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, পার্কটির ওয়েবসাইটে পর্যটকদের জন্য বড় আকৃতির বাঘ স্পর্শ করা ও খুব কাছ থেকে ছবি তোলার সুযোগের প্রচার করা হয়ে থাকে। প্রাণী বিশেষজ্ঞদের মতে, মানুষের সঙ্গে অতিরিক্ত সংস্পর্শ এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই এ ধরনের মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে।

এদিকে, বাঘগুলোর করুণ মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া

সংস্থাটি এক বিবৃতিতে জানায়,

“এই বাঘগুলো যেমন কষ্টের জীবন কাটিয়েছে, তেমনই ভয়াবহ কষ্টের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে—বন্দিদশা ও আতঙ্কের মধ্যে।”

পেটা আরও দাবি করে, পর্যটকরা যদি এ ধরনের বিনোদন কেন্দ্র বয়কট করতেন, তাহলে এসব পার্ক টিকে থাকতে পারত না এবং বাঘগুলোকেও এমন করুণ পরিণতির শিকার হতে হতো না।

এই ঘটনার পর থাইল্যান্ডের অন্যান্য প্রাণী পার্ক ও চিড়িয়াখানাগুলোতে নজরদারি জোরদারের দাবি উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top