সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।

ইউএসজিএসের মতে, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম। এদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির আশঙ্কা নেই।

অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানায়, সাবাহর পশ্চিম উপকূলের পাশাপাশি সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top