জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান-এ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জেন-জি প্রজন্মের সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরান-এ রোববার (২২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া ইংলিশ। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর–জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার তেহরানে আন্দোলন শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। এর পাল্টা হিসেবে সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা মিছিল ও সমাবেশের ডাক দেয়।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে শরিফ বিশ্ববিদ্যালয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভি-এর সময়কার পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং ব্যাপকভাবে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
দীর্ঘদিনের আর্থিক দুরবস্থার জেরে গত ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তা বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। নিরাপত্তা বাহিনী কঠোর হাতে এসব বিক্ষোভ দমন করে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান কর্তৃপক্ষ বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করলেও তাদের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই এ সহিংসতা হয়েছে, যা ইরানের শত্রুরা উসকে দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বিক্ষোভকারী। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।