শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ায় বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে বোরো ধান নষ্ট, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫১

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘের দখলের চেষ্টাকে কেন্দ্র করে বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে বোরো ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা এলাকার মৃত জাহান আলী সরদারের ছেলে আব্দুল সামাদ সরদার ও খালেক সরদার পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া সাড়ে ৮ বিঘা জমি এবং ডিসিআর সূত্রে আরও ৩ বিঘা জমিসহ মোট সাড়ে ১১ বিঘা জমিতে ধান ও মাছ চাষ করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, এলাকার প্রভাবশালী একটি চক্র ওই মাছের ঘের দখলের চেষ্টা চালায়। এতে নেতৃত্ব দেন রাজু শেখ। তার সঙ্গে আঃ হাই শেখ, আঃ হালিম শেখসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, গত ২৮ মার্চ অভিযুক্তরা ঘেরের বাঁধ কেটে লোনা পানি প্রবেশ করায়। এতে ঘেরের ভেতরে থাকা প্রায় ৩ বিঘা জমির ফলন্ত বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে, এর আগেও একই ধরনের একটি ঘের দখলের ঘটনায় রাজু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে বের হয়ে তারা আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুল সামাদ সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ডুমুরিয়া থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার জানান, ধানক্ষেতে লবণ পানি প্রবেশ করানো এবং ফসল নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top