আবারও বাড়ল সোনা ও রুপার দাম, ভরিতে কত?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে সোনা ও রুপা নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি ভরিতে সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। নতুন দর কার্যকর হয়েছে শনিবার সকাল সোয়া ১০টা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়।
সংগঠনটি জানায়, সোনার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং তাদের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। আর ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।
সোনার পাশাপাশি শনিবার রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার বৃদ্ধি এবং ৭ বার হ্রাস পেয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।