রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

একুশে পদকে ভূষিত ববিতা, আবেগঘন শুভেচ্ছায় ভাসালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:৩৫

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি একুশে পদক অর্জন করেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আখতার ববিতা

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে শোবিজ অঙ্গনসহ নানা মহলে ববিতাকে জানানো হচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছোটবেলার স্মৃতিচারণা করেন জয়া। তিনি লেখেন, ছোটবেলায় চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতেন। কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন—‘আমি কবিতার মেয়ে ববিতা!’ এমনকি ‘কবিতা’ শব্দটিও ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। তার ভাষায়, ‘ক-অ-বিতা!’

ববিতার অভিনয়গুণের ভূয়সী প্রশংসা করে জয়া আরও লেখেন, ‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তারই অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। সেই অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার।’

পোস্টের শেষাংশে জীবন্ত এই কিংবদন্তিকে অভিনন্দন জানিয়ে জয়া লেখেন, ‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনিঃশেষ অভিনন্দন।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top