শেষবারের মতো মায়ের মুখ দেখা হলো না রিজিকের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৪:৫২
১৫ বছরের দাম্পত্য জীবনের হাসি-কান্না, অভিমান ও অভিযোগের পাহাড় পার করে শেষমেষ পৃথিবী থেকে বিদায় নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। তবে চিরতরে চলে যাওয়ার সময় সবচেয়ে বড় আক্ষেপ থেকে গেল—একমাত্র সন্তান রিজিকের মুখটা শেষবার দেখা হয়নি।
ইকরার মৃত্যুর পর হাসপাতাল মর্গে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও আলভীর পরিবারের কোনো সদস্যও উপস্থিত হননি। পরিবারের পক্ষ থেকে আলভীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে আশ্বাস দেওয়া হয়েছিল, “আসতেছি, একটু পরেই রওনা হচ্ছি। এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব।” কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি, ফলে সন্তানকেও শেষবার মাকে দেখতে দেওয়া হয়নি।
স্ত্রী ইকরার এমন মর্মান্তিক মৃত্যুর খবরের পরও যাহের আলভী দেশে পৌঁছাতে পারেননি। জানা গেছে, ঈদুল ফিতরের নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন তিনি। ফ্লাইটের টিকিট না পাওয়ায় সঙ্গে সঙ্গে দেশে আসা সম্ভব হয়নি। তবে রোববার দুপুরের ফ্লাইটে ঢাকার উদ্দেশে তার রওনা দেওয়ার কথা রয়েছে।
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে ইকরার মরদেহ তার নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়া হচ্ছে। খালুর দেওয়া তথ্যমতে, আনুমানিক দুপুর ২টার দিকে মর্গ থেকে ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবে এবং নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।