সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। আর গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৮ হাজার ৫৩৪ জন।

এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮০ জন। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২০ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১৮ জনে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top