জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ-পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তিনি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে প্রথমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে বৃক্ষরোপণ ও পরিদর্শন বইয়ে সই করেন সরকারপ্রধান।
এরপর বেলা ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের উদ্দেশে রওনা হন। বিকেলে সেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।