দেশে নদ-নদীর ২১ হাজারের বেশি অবৈধ দখলদার: নৌপরিবহনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:২১
দেশের নদ-নদীগুলোর অবৈধ দখলদারের সংখ্যা ২১ হাজার ৯৮২ জন বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, তালিকাটি ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সব জেলা প্রশাসককে কর্মপরিকল্পনা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, যাচাই-বাছাই শেষে অবিলম্বে উচ্ছেদযোগ্য স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।
বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)-এর বহরে বর্তমানে ৪৭টি চলাচলযোগ্য ফেরি রয়েছে। এর মধ্যে রয়েছে রো-রো, মিডিয়াম, ইমপ্রুভড মিডিয়াম ও ইউটিলিটি ফেরি।
তিনি আরও জানান, ছয়টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন রয়েছে, যা আগামী জুনের মধ্যে বহরে যুক্ত হতে পারে। পাশাপাশি আরও নতুন ফেরি ও জলযান সংগ্রহের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
পায়রা বন্দর পুরোপুরি চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আন্ধারমানিক নদীর ওপর সেতু ও সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হলে আগামী বছরের শুরুতে বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা রক্ষা ও খনন সক্ষমতা বাড়ানোর জন্য নতুন যন্ত্রপাতি সংগ্রহ করা হলে ২০২৭–২৮ সালের মধ্যে বন্দরে পূর্ণমাত্রায় জাহাজ চলাচল সম্ভব হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।