বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৮

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করার জন্য সমন্বিত সংস্কার কার্যক্রম শুরু করা হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তি করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে মন্ত্রী জানান, অতীতে কে কী করেছে তার জন্য অন্যদেরকে জবাবদিহি করতে হবে না। তবে তার সময়ে কোনো অনিয়ম হয়নি এবং আগামী দিনে ও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অভিযোগ নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে; সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top