পুনঃভর্তি ফি গ্রহণ বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫
শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালা অনুসারে কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।
নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে, শুধুমাত্র ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে; এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না।
প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় সরকারি আর্থিক বিধি অনুযায়ী পরিচালনা করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে হিসাব রাখা হবে, আর কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে তারা দায়বদ্ধ থাকবেন।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হলে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের ফি, দান-অনুদান এবং অন্যান্য আয় সরকারি ব্যাংক বা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে গ্রহণ করতে হবে। জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে, যা দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে।
এছাড়া, আয়-ব্যয়ের খাতে কোনো সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে অর্থ জমা দিতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।