বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৫

সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে এ পরিকল্পনা অনুযায়ী নিজ নিজ কর্মপরিকল্পনা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার তালিকায় প্রাথমিকভাবে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জ্বালানি খাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হতে দেওয়া। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাধারণত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করে। তবে বর্তমান সরকার বৃহত্তর পরিসরে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা শিগগিরই জনসম্মুখে তুলে ধরা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন—দলীয় ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top