নিজের গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান,ব্যবহার করবেন না সরকারি গাড়ি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩৫
দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজ খরচে ক্রয় করা জ্বালানি ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি তিনি ব্যবহার করছেন না। দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগরে নিজস্ব টয়োটা গাড়িতে করে যান এবং সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে যান।
রুমন আরও জানান, যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, এখন তা কমিয়ে ৪টিতে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। রুমনের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে যানজট সৃষ্টি হয় এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সচিবালয়েই অধিকাংশ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থান রাখার প্রচলিত বিধান বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সকালে গুলশানের বাসা থেকে সাদা রঙের নিজস্ব টয়োটা গাড়িতে করে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।