প্রধানমন্ত্রীর প্রেস ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবু আব্দুল্লাহ এম ছালেহকে সচিব পদমর্যাদায় নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আতিকুর রহমান রুমনকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত দুজনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদান করতে হবে। যোগদানের তারিখ থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে।
তাদের নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।