বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১২

ছবি: সংগৃহীত

শিক্ষাখাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগের সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের নামে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং শিক্ষক বদলিকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। বদলি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে রাষ্ট্রের প্রধান বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হবে। শুধু সনদ নয়, শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতাকে অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করা হবে। হাফেজ, কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রাধান্য পাবে না। বরং শিক্ষার মাধ্যমে রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সেই ভিশনকে বাজেট, পাঠদান, পরীক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top