শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুতি শেষ পর্যায়ে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০১
আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এখন সাজ-সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শিল্পী ও কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
শহীদ মিনারের মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা– সব মিলিয়ে পুরো এলাকায় এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা গেছে, বেদীর আলপনার কাজ পুরোদমে চলছে। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও রাস্তার আলপনার কাজে ব্যস্ত রয়েছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
শহীদ মিনারের ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদীকে ধুয়ে নতুন রূপ দেওয়ার কাজ শেষ পর্যায়ে। ইতোমধ্যে মিনারের কিছু অংশে সাদা রঙের প্রলেপ পড়েছে। কর্মীরা জানান, রং করার কাজ শেষ হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি বলেন, “আমরা ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছি। লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে। আজ এবং আগামীকাল রং করার কাজ চলবে। আমরা সবাই মিলে কাজ করছি যাতে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনটি সুন্দরভাবে শেষ হয়।”
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিবেক কুমার জানান, “শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করছেন। আশা করি আগামীকালই পুরো প্রস্তুতি শেষ হবে এবং সবকিছু সময়মতো সম্পন্ন হবে।”
শুধু মূল মিনারই নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতির কাজও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির প্রস্তুতিও চলছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে শহীদ মিনারে। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা সিক্ত হবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।