ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল অর্পণ করে তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। এ সময় অনেকের পরনে দেখা গেছে একুশের প্রতীক হিসেবে সাদা–কালো পোশাক।
শনিবার ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষ দলে দলে শহীদ মিনারে উপস্থিত হন।
প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।