দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪
শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং দৌরাত্ম্য রোধে সরকার ইতোমধ্যেই কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, বিএনপি সরকার দলের পরিচয়ে কাউকেই চাঁদাবাজি করার সুযোগ দেবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে ববি হাজ্জাজ এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছিলেন। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এখনও কিছু নেতাকর্মী ভর্তি আছেন।
প্রতিমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের আগে অনেক বাধা–বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছিল, যা আইনশৃঙ্খলা রক্ষার আওতায় নেওয়া হবে। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি জানান, সেনা ক্যাম্প সরার পর মোহাম্মদপুর ও আদাবর এলাকার পুলিশ শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, ২০টি পুলিশ বক্স ও বসিলাতে পুলিশ ক্যাম্প, এবং টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।