মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে কেন্দ্র দখল ও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ববি হাজ্জাজ অভিযোগ করেন, মামুনুল হকের নির্দেশে তার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। বিএনপি সমর্থকেরা বাধা দিলে তাদের ওপর হামলা হয়। এতে প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত হায়দার আলীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
এ সময় মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স নির্মাণ এবং টহল টিম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।