সরকারি গাড়ি ও তেলের খরচ নিই না: কৃষিমন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৭
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন বলেছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি সরকারি গাড়ি কিংবা তেলের খরচ কোনোটিই গ্রহণ করছেন না। নিজের গাড়ি ও নিজস্ব অর্থে কেনা তেল ব্যবহার করেই দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও সরকারি গাড়ি ব্যবহার করবেন না। একইসঙ্গে তিনি সরকারি বেতন-ভাতাও নেবেন না বলে জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজ-এ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “একটি বিষয় স্পষ্ট করতে চাই—মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি ও নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না। আগামীতেও সরকারি গাড়ি ব্যবহার করব না।”
মতবিনিময়কালে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে কুমিল্লা বরাবরই পথিকৃৎ জেলা। কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে কুমিল্লায় হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি কুমিল্লার ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন “ট্যাংক ও ব্যাংকের নগরী হিসেবে কুমিল্লার যে সুনাম ছিল, সেই ঐতিহ্য সমুন্নত রাখার চেষ্টা করা হবে।”
আমিন-উর-রশীদ ইয়াছিন বলেন,“সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দেন। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। আমিও একজন কৃষক—আমি জানি কীভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর টাউনহলে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রির বিশেষ দোকানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।