সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার, শুরু হবে পাইলট প্রকল্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৮

সংগৃহীত

টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। তবে প্রাথমিকভাবে এটি সারাদেশে একযোগে চালু না হয়ে অঞ্চলভিত্তিক পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর বিষয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। তিনি জানান, কৃষক কার্ড প্রদান ছিল সরকারের নির্বাচনি অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, “যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছি।”

কবে নাগাদ কার্ড বিতরণ শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। কারণ প্রস্তুতির বিভিন্ন বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় কাজ করছে।

মন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। কোনো ধরনের লিকেজ বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে স্মার্ট কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, একজন সিম ক্রেতা যেমন সরাসরি ব্যাংকিং বা অন্যান্য সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে। ফলে কৃষক সরাসরি সুবিধা পাবেন এবং রাষ্ট্রও তাদের সমস্যাগুলো সরাসরি জানতে পারবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top