ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪২

সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করপোরেশনে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা দক্ষিণে আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালাম। তিনি একসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। সর্বশেষ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা উত্তরে শফিকুল ইসলাম খান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান। তিনি গত সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দলের প্রার্থী ছিলেন। ওই আসনে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান–এর কাছে পরাজিত হন।

খুলনায় নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান।

সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে জেলার ছয়টি সংসদীয় আসনে দলের নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পান।

নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সর্বশেষ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চাইলেও তা পাননি।

গাজীপুরে শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি গত সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top